ঘুসকাণ্ডে শুভেন্দুকে একসময় দুর্নীতিবাজ বলেছিলেন মোদী, আর তাকেই বানালেন মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:৪০ পিএম
পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো একটি ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বিধানসভা নির্বাচনে জয়লাভের পর পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তবে দায়িত্ব নেওয়ার পরপরই তার অতীতের একটি ভিডিও আবার সামনে আসে, যেখানে তাকে পাঁচ লাখ রুপি ঘুস গ্রহণের দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়।
ভিডিওটি মূলত প্রায় এক দশক আগের নারদা স্টিং অপারেশনের সময়কার বলে জানা যায়। ওই সময় তিনি তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই ঘটনায় তৃণমূলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ উঠেছিল।
ভিডিওটি তখন একটি রাজনৈতিক দলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় এবং বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি নাম না উল্লেখ করে বলেন, টেলিভিশনে সবাই দেখেছে কীভাবে নেতারা ক্যামেরার সামনে ঘুস নিচ্ছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ তাদের ক্ষমা করবে না।
পরবর্তীতে ২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। এরপর ওই ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে ফেলা হয়।
কিন্তু সাম্প্রতিক সময়ে ভিডিওটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এবং রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে।