ঈদে শাড়ি-থ্রি-পিস পাচ্ছেন বিএনপি জোটের ২১৫ এমপি, বাদ ১১ দলীয় জোটের এমপিরা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের ২১৫টি সংসদীয় এলাকার অসহায়, গরিব ও দুস্থ মানুষের জন্য ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ত্রাণের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল। সম্প্রতি প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ এসএম পারভেজ স্বাক্ষরিত এক বরাদ্দপত্র থেকে এ তথ্য জানা গেছে।
বরাদ্দপত্র অনুযায়ী, শুধুমাত্র সরকারি দল বিএনপি ও তাদের জোটভুক্ত সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাগুলোর জন্য এসব ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামী-এনসিপি জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের এলাকাগুলোর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ক্ষোভও দেখা গেছে।
কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য এবং ১১ দলীয় জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, “আমরা কি তাহলে ‘সবার আগে বাংলাদেশ’-এর পরিবর্তে ‘সবার আগে বিএনপি’ নীতিতে যাচ্ছি? প্রধানমন্ত্রী কি শুধু ৫০ শতাংশ মানুষের?”
এদিকে বিএনপির এক সংসদ সদস্য জানান, এসব ত্রাণসামগ্রী সরাসরি সংসদ সদস্যদের হাতে না এসে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ হওয়ার কথা রয়েছে।
বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে প্রতিটি নির্বাচনী এলাকার জন্য ৭০০টি সিনথেটিক শাড়ি, ১০০টি থ্রি-পিস এবং ৫০টি হাজী রুমাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ত্রাণসামগ্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে সংগ্রহ করে সংসদ সদস্যের পরামর্শক্রমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রয়োজনে জেলা প্রশাসকের পক্ষ থেকে সংগ্রহে বিলম্ব হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার, তেজগাঁও থেকে নিজ দায়িত্বে ত্রাণসামগ্রী সংগ্রহ করে জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করতে পারবেন। এতে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে বলেও বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।