৩ ফুটবলারসহ আর্জেন্টিনা দলকে কঠোর শাস্তি দিলো ফিফা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

গত মাসে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলা কমিটি। একই সঙ্গে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকেও জরিমানা করা হয়েছে।

ফাইনালের সংঘর্ষে সবচেয়ে কঠোর শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ নিষিদ্ধ এবং ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

অন্যদিকে থিয়াগো আলমাদাকে ১ ম্যাচ নিষিদ্ধ করে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ নিষিদ্ধ এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। একই ঘটনায় স্পেনের গাভিকেও ১ ম্যাচ নিষিদ্ধ করে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে থাকা একটি ব্যানারে লেখা ছিল, ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’। এই ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।

এর মধ্যে বিতর্কিত ব্যানার প্রদর্শনের জন্য ১০ হাজার ডলার এবং সমর্থকদের অনুপযুক্ত আচরণের জন্য আরও ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাকি অর্থ বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে সমর্থকদের ফিফার বৈষম্যবিরোধী বিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত।

বৈষম্যমূলক আচরণের কারণে আর্জেন্টিনাকে পরবর্তী ঘরের মাঠের ম্যাচে ৫০ শতাংশ দর্শক ধারণক্ষমতা নিয়ে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের আরও একটি ম্যাচে ৫০ শতাংশ দর্শক সীমাবদ্ধতা দেওয়া হলেও সেটি স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি জরিমানার ১ লাখ ডলারও স্থগিত করেছে ফিফা।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের একটি অধীনস্থ অঞ্চল। ২০১৩ সালের গণভোটে সেখানকার বাসিন্দারা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় যুক্তরাজ্যের অধীনে থাকার পক্ষে ভোট দেন। ১৯৮২ সালের এপ্রিলে আর্জেন্টিনা দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও ওই বছরের জুনে আর্জেন্টিনার বাহিনী আত্মসমর্পণ করে।

সেমিফাইনালের পর ব্যানার প্রদর্শনের ঘটনায় যুক্তরাজ্যের কয়েকজন রাজনীতিকও ক্ষোভ প্রকাশ করেন। লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি সংশ্লিষ্ট খেলোয়াড়দের নিষিদ্ধ করার আহ্বান জানান। দেশটির তৎকালীন ব্যবসাবিষয়ক মন্ত্রী পিটার কাইল ঘটনাটিকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত’ বলে মন্তব্য করেন।

ফিফার সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে তাদের আইন বিভাগ আবেদন করবে বলে জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। এরপর যেসব শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে আবেদন করা হবে। প্রয়োজন হলে শেষ ধাপে ক্রীড়া সালিশ আদালতে যাওয়ার কথাও জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ।

এদিকে, গত ৬ আগস্ট আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের দিন ১৫ জুলাই ভবিষ্যতে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে পালন করা হবে।

সূত্র: ইএসপিএন

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970