বিকল্প টুর্নামেন্টের আশায় ক্রিকেটাররা, বিসিবির সিদ্ধান্তে সন্তুষ্ট কোয়াব
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:২৮ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ক্রিকেটারদের জন্য বিকল্প টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা সামনে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকের পর বোর্ডের প্রস্তাবে আপাতত সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিরা।
বিপিএল দেশের ক্রিকেটারদের অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের উৎস। বিশেষ করে জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারের আর্থিক নিরাপত্তার সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সরাসরি জড়িত। তাই বিপিএল আয়োজন না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কীভাবে কমানো যায়, তা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করেছে কোয়াব।
বৈঠকে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাসির হোসেন। আলোচনা শেষে তিনি জানান, বোর্ডের দেওয়া প্রস্তাব নিয়ে তারা আপাতত সন্তুষ্ট। নাসির বলেন, ক্রিকেটারদের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং বোর্ডের পক্ষ থেকে আসা বিষয়গুলো নিয়ে তাদের আস্থা রয়েছে। পরবর্তী বৈঠকে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছেন তারা।
বিপিএল আয়োজন না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায় কি না, সেটিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। নাসির জানান, বিপিএল প্রায় দেড় মাসের টুর্নামেন্ট হওয়ায় ওই সময়ে অন্য একটি প্রতিযোগিতা আয়োজন করা গেলে ক্রিকেটারদের জন্য তা উপকারী হবে।
তবে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে পরবর্তী বৈঠকে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে বলে জানিয়েছেন নাসির।
তিনি আরও বলেন, ক্রিকেটারদের স্বল্পমেয়াদি স্বার্থের পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্যারিয়ার নিয়েও বিসিবি আলোচনা করেছে। আগামী ৫ থেকে ১০ বছর পর ক্রিকেটাররা কোথায় থাকবেন, সেই পরিকল্পনাকেও গুরুত্ব দিচ্ছে বর্তমান বোর্ড। বোর্ডের দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে ক্রিকেটারদের জন্য ইতিবাচক ফল আসবে বলেও আশাবাদী তিনি।
এর আগে শনিবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেখানে কয়েকজন ফ্র্যাঞ্চাইজি মালিকও জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজনের বিপক্ষে মত দেন। ফলে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ক্রিকেটারদের আর্থিক বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা এখন আলোচনায় এসেছে।