বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ ধরা, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:২২ এএম

ছবি: সংগৃহীত

মাগুরা জেলা কারাগারে বন্দী থাকা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টা করার অভিযোগে মো. দবির মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাগুরা জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। দবির মোল্লা মাগুরা সদর উপজেলার পৌরসভার জুঁইতড়া গ্রামের বাসিন্দা এবং মোতালেব মোল্লার ছেলে।

কারা সূত্রে জানা গেছে, গত ৯ জুন মাদক মামলায় গ্রেপ্তার হওয়া তন্বী খাতুন বর্তমানে মাগুরা জেলা কারাগারে বন্দী রয়েছেন। অভিযোগ রয়েছে, কারাগারে থেকেও তিনি মাদক কারবার চালিয়ে যেতে স্বামী দবির মোল্লার মাধ্যমে গাঁজা ভেতরে নেওয়ার পরিকল্পনা করেন।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, বৃহস্পতিবার স্ত্রীকে দেখতে কারাগারে আসেন দবির মোল্লা। এ সময় আরপি গেটে দায়িত্বরত কারারক্ষী রফিকুল ইসলাম তল্লাশি চালিয়ে তার জিন্সের পকেটে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করেন।

ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দবির মোল্লাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কারাগারকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়ে তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার বলেন, কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970