মন্দিরে মন্দিরে ঘুরে সোনা চুরি করতেন অর্ণব রায় ও তার স্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন মন্দিরে ঘুরে প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। সম্প্রতি ঐতিহাসিক রমনা কালীমন্দিরে মা কালীর বিগ্রহের জিভে রাখা সোনা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এই দম্পতির সন্ধান পায় ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অর্ণব রায় ও তার স্ত্রী লিপি কর্মকার। চোরাই সোনা কেনার অভিযোগে আরও দুই স্বর্ণালংকারের দোকান মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফারুক হোসেন জানান, গত ৭ অক্টোবর সকাল পৌনে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে শাহবাগের রমনা কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। এ সময় মা কালীর বিগ্রহের জিভে রাখা আনুমানিক ছয় আনা ওজনের সোনা চুরি হয়, যার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।

পরে মন্দিরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরখানের দোবাদিয়া এলাকা থেকে অর্ণব রায় ও লিপি কর্মকারকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে এই দম্পতির বিরুদ্ধে আরও মন্দিরে চুরির তথ্য পাওয়া গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালীমন্দিরে সোনা চুরির ঘটনায়ও তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছিল। গ্রেপ্তার দম্পতির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তারা এসব স্বর্ণালংকার জাকারিয়া ইসলাম নামে এক স্বর্ণালংকার ব্যবসায়ীর কাছে বিক্রি করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর গলার সোনার চেইন চুরির চেষ্টার অভিযোগ রয়েছে অর্ণব রায়ের বিরুদ্ধে। সে সময় চেইন নিয়ে পালানোর সময় মন্দিরের পুরোহিত তাকে ধরে ফেলেন। তবে পরে স্থানীয়রা তাকে ছেড়ে দেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, অর্ণব ও লিপির দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান এলাকার সাদিয়া জুয়েলার্সের মালিক মো. মুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে রমনা কালীমন্দির থেকে চুরি হওয়া দুই আনা এক রতি ওজনের একটি সোনার পাত উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে রাজধানী ও আশপাশের তিনটি মন্দিরে চুরির ঘটনায় এই দম্পতির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর আগে তারা অন্য কোনো মন্দিরে চুরি করেছেন কি না এবং এই চক্রে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970