ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত প্রায় ২ হাজার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭০ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। অন্যদিকে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৩৪ জনে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যে অক্টোবর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সদ্য বিদায়ী এ মাসে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৭৪ জন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে, গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এ সময়ে মারা যান ৪১৩ জন।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর এ রোগে প্রাণ হারিয়েছিলেন ৫৭৫ জন।