পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে বর্তমানে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। এর প্রমাণ হিসেবে তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের দেওয়া গাড়ি ও অর্থ ব্যবহার করছেন। অথচ এখন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিচ্ছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির কঠোর বক্তব্যের পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। আওয়ামী লীগকে তারা বোঝাতে চায়, নিয়মিত অনুদান ও চাঁদা দেওয়া এবং পেছন থেকে সহযোগিতা বন্ধ করলে তাদের সমস্যায় পড়তে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, পাটওয়ারীর অভিজ্ঞতা হলো ছাত্ররাজনীতির সময় ল্যাপটপ চুরি করা এবং জাতীয় রাজনীতিতে এসে ছাগল চুরি করা। এমন অভিজ্ঞতা নিয়েই তিনি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করতে চান, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথাও বলছেন।
রাশেদ খাঁন আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল চুরি ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।