চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বরখাস্ত সেই পুলিশ কনস্টেবল নাজমুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতে নাজমুল তারেকের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রহিম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মো. নাজমুল তারেক দেশজুড়ে আলোচনায় আসেন। সে সময় তিনি ঢাকা মহানগর পুলিশের সুরক্ষা বিভাগে কর্মরত ছিলেন। ওই ঘটনার পর বিভাগীয় ব্যবস্থা হিসেবে প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে বিভাগীয় তদন্ত শেষে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনার সময় অভিযোগ ওঠে, উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে শুরু থেকেই নাজমুল তারেক অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছিলেন, তিনি টিপ নিয়ে কোনো কটূক্তি করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলের পাশের এক দোকানদারও প্রত্যক্ষদর্শী হিসেবে একই ধরনের বক্তব্য দিয়েছেন।

চাকরি থেকে অব্যাহতির পর ২০২২ সালের নভেম্বরে পুনর্বহালের দাবিতে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন নাজমুল তারেক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তার পক্ষে রায় দিয়ে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970