সাংবাদিকদের পেটানোর হুমকি, সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে আব্বাসীকে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম
সাংবাদিকদের পেটানোর হুমকি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে এনায়েতুল্লাহ আব্বাসীকে। অন্যথায় সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়া, মানহানি, হামলার হুমকি ও উসকানি দেওয়ার অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন এনায়েতুল্লাহ আব্বাসী। বক্তব্যের একপর্যায়ে তিনি বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং তাদের কুকুরের মতো পেটানো উচিত বলে উল্লেখ করেন।
এ ছাড়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, একজন যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তার বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের কার্যক্রম বন্ধের চেষ্টা করলেও সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রকাশ করেননি। বরং ওই যুবকের পিস্তল নিয়ে দৌড়ানোর বিষয়টি প্রচার করেছেন। সাংবাদিকদের হলুদ সাংবাদিকতায় জড়িত থাকার অভিযোগ তোলার পাশাপাশি তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে পরিচালিত হওয়ার অভিযোগও করেন।
আইনি নোটিশে আরও বলা হয়েছে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের পেটানোর হুমকি দেওয়া হয়েছে, যা সাংবাদিকদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি করতে পারে। বক্তব্যগুলো সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের প্রতি অবমাননাকর, মানহানিকর এবং তাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।