ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক সেই যুবক কারাগারে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক অর্ণব দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম অর্ণব দাসকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে পাওয়া তথ্য এবং নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, অর্ণব দাস জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার পাশাপাশি পুনরায় সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়াতে পারেন। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া, ডি কে গায়েন টিটোসহ কয়েকজন তার জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে অর্ণব দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে শুনানির সময় তাকে আদালতের এজলাসে তোলা হয়নি।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাসকে আটক করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার অর্ণব দাস নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় কর্মী।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970