হাদি হত্যা: ফয়সালের ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চার মিনিট এক সেকেন্ডের ওই ভিডিওতে খয়েরি রঙের হুডি পরা অবস্থায় ফয়সালকে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডে ফাঁসানো হয়েছে এবং বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকে দাবি করেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি। তবে এই দাবিকে নাকচ করেছেন ফ্যাক্ট চেকার ও দি ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির।
চ্যানেল ২৪-কে দেওয়া বক্তব্যে তিনি জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এআই দিয়ে তৈরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটি ফয়সালের নিজের করা বলেই প্রতীয়মান হয়েছে।
তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে—দুবাই, ভারত না বাংলাদেশ—সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানান তিনি। এছাড়া ফয়সালের আরও একটি ভিডিও নিয়ে এখনো যাচাই কার্যক্রম শুরু হয়নি বলেও উল্লেখ করেন এই ফ্যাক্ট চেকার।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তদন্তে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এতে তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
পরদিন তার মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।