পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হারমানপ্রীত

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

হারমানপ্রীত ভারতকে পাঁচটি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ১৫৫টি টি টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বেই গত বছর প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারতীয় নারী ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে তার শেষ অধ্যায়ও হয়েছে শিরোপা জয়ের মধ্য দিয়ে। গত মাসে তার নেতৃত্বে ভারত টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসের স্বর্ণপদক জয় করে।

নারী ক্রিকেট দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন হারমানপ্রীত। বৈঠকে দলের সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারও উপস্থিত ছিলেন। এর একদিন পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন হারমানপ্রীত।

ইনস্টাগ্রাম পোস্টে হারমানপ্রীত বলেন, সব সংস্করণে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না। দীর্ঘ বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং অসংখ্য বিশেষ মুহূর্তের সঙ্গে এই দায়িত্ব জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, দল ও ভারতীয় নারী ক্রিকেটকে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। দলের স্বার্থকে সবার আগে রাখতে গিয়ে অনেক সময় নিজের পারফরম্যান্স, ব্যক্তিগত উন্নতি ও ব্যক্তিগত আকাঙ্ক্ষাকেও পেছনে রাখতে হয়েছে বলে জানান তিনি।

অধিনায়ক হিসেবে নিজের ভূমিকা প্রসঙ্গে হারমানপ্রীত বলেন, তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সব সিদ্ধান্ত সবার কাছে সহজবোধ্য বা গ্রহণযোগ্য ছিল না। কখনো কখনো এসব সিদ্ধান্তের জন্য ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে। তবে তার প্রতিটি সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল দলকে আরও শক্তিশালী করা এবং সতীর্থদের নিজেদের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970