দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিন পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর বৃহস্পতিবারের ছুটি ১৭ অক্টোবর শনিবারে সমন্বয় করা হয়েছে। ফলে ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি অফিস খোলা থাকবে।
সোমবার ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর মধ্যে ২২ অক্টোবরের ছুটি ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করা হয়েছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকার কথা ছিল। তবে মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে ওই দিনও ছুটি ঘোষণা করা হয়েছে।
এর ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন।
মন্ত্রিসভায় ছুটির প্রস্তাব অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।