নির্বাচন ঘিরে জাতিসংঘের বার্তা, শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে চলছে প্রচারণাসহ নানা প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারও জোরদার ব্যবস্থা নিয়েছে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে দেশের সব নাগরিক ভয়ভীতি ছাড়াই শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রশ্ন করেন, জুলাই বিপ্লবের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে যাচ্ছে—এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো বার্তা বা পরামর্শ রয়েছে কি না।
জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘ নির্বাচন আয়োজনকে উৎসাহিত করে। একই সঙ্গে জাতিসংঘের অবস্থান স্পষ্ট—নির্বাচনে এমন পরিবেশ থাকতে হবে, যেখানে সব নাগরিক নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং ভিন্নমত প্রকাশের স্বাধীনতা বজায় থাকবে।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ। এ দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো-আদো। দলে রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার ও নির্বাচন ব্যবস্থাপনা–সংক্রান্ত বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন।
পর্যবেক্ষক দলকে সহায়তা করবে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের একটি দল, যার নেতৃত্বে থাকবেন ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ।
কমনওয়েলথের পর্যবেক্ষক দলের ম্যান্ডেট অনুযায়ী, নির্বাচন ও গণভোট কতটা স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে—তা মূল্যায়ন করা হবে। মিশন শেষে পর্যবেক্ষকরা একটি প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবেন, যা পরবর্তীতে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।