বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও স্বাভাবিক ও শক্তিশালী হচ্ছে: প্রণয় ভার্মা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
বাংলাদেশ–ভারত সম্পর্ক দিন দিন আরও স্বাভাবিক ও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে আবেগ, সংস্কৃতি ও ইতিহাসের যে সম্পর্ক রয়েছে, তা আরও মজবুত করতে কাজ করা হচ্ছে। পারস্পরিক বোঝাপড়া ও আস্থার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন খাতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব ক্ষেত্রে যৌথভাবে কাজ করলে উভয় দেশের জনগণই উপকৃত হবে।
প্রণয় ভার্মা আরও বলেন, দুই দেশের জনগণ একই ধরনের ইতিহাস ও ঐতিহ্যের ধারক। তাই যে সব ক্ষেত্রে দুই দেশের মানুষের জন্য কল্যাণকর ফল বয়ে আনবে, সে সব ক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা হবে।
এ ছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রমের নিয়মিত আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।