গুম-খুন মামলার আসামিকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন, প্রশাসনে তীব্র সমালোচনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:০৫ পিএম
বিগত সরকারের আমলে ছাত্র-জনতার আন্দোলন দমনে ভূমিকা রাখা এবং গুম, অপহরণ ও একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার দেশের ১২টি জেলায় পুলিশ সুপার পদে রদবদলের অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়।
এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর প্রশাসনিক স্বচ্ছতা ও বর্তমান সরকারের অবস্থান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। পাশাপাশি জনমনে তীব্র ক্ষোভও তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, চাঁপাইনবাবগঞ্জের সাবেক এক ছাত্রদল নেতার দুই ভাইকে গুম এবং অর্থ আদায়ের ঘটনায় তিনি জড়িত ছিলেন। পরে ওই দুই ব্যক্তি আর ফিরে আসেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার প্রধানমন্ত্রীর দপ্তরেও লিখিত অভিযোগ দিয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, সে সময় তিনি আন্দোলন দমনে সশস্ত্র অবস্থান নেন এবং নির্বিচারে হত্যার নির্দেশ দেন। ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়।
তার বিরুদ্ধে বর্তমানে অন্তত দুটি হত্যা ও হত্যাচেষ্টা সংক্রান্ত মামলা চলমান রয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
২৭তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা প্রায় পাঁচ বছর চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি বিরোধী রাজনৈতিক কর্মীদের দমন-পীড়নে সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদকও পান।
ভুক্তভোগীরা দাবি করছেন, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। কিন্তু এর পরিবর্তে তাকে গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করায় তারা বিস্ময় প্রকাশ করেছেন।
এ ঘটনায় প্রশাসনের ভেতরে প্রভাবশালী কোনো চক্র তাকে পুনর্বাসন করছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
ফেনীর মতো সংবেদনশীল জেলায় এমন বিতর্কিত কর্মকর্তার পদায়ন জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।