ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, জেনে নিন অনলাইনে কেনার নিয়ম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৩১ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে বিভিন্ন বাস কোম্পানি সরাসরি কাউন্টার এবং অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা এখন থেকেই দেশের বিভিন্ন রুটের বাসের টিকিট সংগ্রহ করতে পারছেন।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি জানিয়েছে, সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে।

সংগঠনটি আরও জানিয়েছে, প্রতিটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে টাঙানো বাধ্যতামূলক করা হবে, যাতে যাত্রীরা সহজেই ভাড়া সম্পর্কে জানতে পারেন।

অনলাইনে টিকিট কেনার নিয়ম

অনলাইনে বাসের টিকিট কিনতে বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট ও অ্যাপ রয়েছে। এর মধ্যে রয়েছে সহজডটকম, বিডিটিকিটস এবং যাত্রী।

এই অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে হলে প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে, অথবা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। সেখানে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর প্রয়োজন হবে।

টিকিট কাটার নিয়ম

ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করার পর যাত্রার স্থান, গন্তব্য এবং তারিখ নির্বাচন করতে হবে। এরপর সার্চ অপশনে ক্লিক করলে বাসের তালিকা, সময় এবং ভাড়া দেখা যাবে।

পছন্দ অনুযায়ী বাস নির্বাচন করে আসন বেছে নিতে হবে। যেসব আসন বুক হয়ে গেছে সেগুলো আলাদা রঙে দেখাবে, আর ফাঁকা আসনগুলো অন্য রঙে চিহ্নিত থাকবে।

আসন নির্বাচনের পর যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

অনলাইন পেমেন্ট

আসন নিশ্চিত করার পর ই-ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। তবে আসন নির্বাচন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে।

পেমেন্ট সম্পন্ন হলে টিকিট ডাউনলোডের অপশন আসবে। সেখান থেকে টিকিট ডাউনলোড করে নিতে হবে। যাত্রার সময় অবশ্যই টিকিটের প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970