নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আইনমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:১৭ এএম
যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো বাদ দিয়ে জুলাই সনদ সম্পূর্ণভাবে বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
শুক্রবার খুলনায় আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তা এবং নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন এবং পিআর পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের প্রসঙ্গ টেনে বলেন, অতীতে কিছু ব্যক্তি বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, যার ভোগান্তি সাধারণ মানুষকে পোহাতে হয়েছে।
মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার চায় বিচারকরা ভয়ভীতি ও চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করুক। এ লক্ষ্যেই একটি স্বচ্ছ ও স্বাধীন বিচারব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিচারকদের আইন প্রণয়ন, বদলি ও পদায়নে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই এবং ভবিষ্যতেও তা নিশ্চিত করা হবে।