বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:৫৮ পিএম
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ কিংবা দেশের জনগণ কেউই কাঁটাতারকে ভয় পায় না। প্রয়োজনে যেখানে কথা বলার দরকার, সেখানে বাংলাদেশ কথা বলবে বলেও জানান তিনি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে সীমান্তে অনেক মানুষকে গুলি করে হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো ঘটনা দেখা গেছে। কিন্তু ভবিষ্যতে সীমান্ত পরিস্থিতি সেই রূপে ফিরে যাবে না বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ কোনোভাবেই দুর্বল বা নিরব দেশ নয়।
হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সংলাপ ও আলোচনার মাধ্যমে সম্পর্ক বজায় রাখতে চায়। তবে চ্যালেঞ্জ থাকবেই, যা মোকাবিলার জন্য দেশ প্রস্তুত রয়েছে।
তিনি আরও মন্তব্য করেন, দেড় হাজার মানুষ হত্যার অভিযোগে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি বলেন, ভারত সরকারকে বলা হয়েছে যেন শেখ হাসিনা তাদের মাটি ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারেন। ভারত এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মূল সম্পর্ক থাকবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই।
সম্প্রতি চীন সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরটি সফল হয়েছে এবং তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাশাপাশি চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ দেখিয়েছে বলেও তিনি জানান।