পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে তিনি রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র।

সূত্র জানায়, সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সরাসরি পল্লবীতে রামিসাদের বাসায় যাবেন।

এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

গত ১৯ মে পল্লবীর একটি বাসায় ডেকে নিয়ে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশুর বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন সকালে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে রামিসাকে নিজেদের কক্ষে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের কক্ষের সামনে সন্দেহজনক পরিস্থিতি টের পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ দেখতে পান।

এজাহারে আরও বলা হয়, শিশুটিকে কক্ষে নেওয়ার সময় সোহেলের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও একজন ব্যক্তি ছিল।

ঘটনার পরপরই পুলিশ সোহেল রানাকে গ্রেফতার করে। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। আদালতে সোহেল জানান, ইয়াবার নেশায় আসক্ত থাকায় তার মধ্যে বিকৃত যৌন লালসা তৈরি হয়। পরে শিশুটিকে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালানো হয়। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

জবানবন্দিতে আরও উঠে আসে, হত্যার পর লাশ গোপন করতে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারও তাকে সহযোগিতা করেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970