অপরাধীদের রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করা না হলে বিপ্লব ব্যর্থ হবে: তাজুল ইসলাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৪১ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অপরাধীদের রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করা না হলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক নিখোঁজ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত ‘ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, বর্তমান আইন দিয়ে গুম প্রতিরোধ সম্ভব নয়। তিনি এ আইনকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় আরও ভালো আইন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা হয়নি। বরং আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়েও খারাপ আইন প্রণয়ন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আইনটি দ্রুত সংশোধন করে যথাযথ আইনি কাঠামো তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর গুমের ঘটনা ফিরে না আসে।
তাজুল ইসলাম আরও বলেন, আইনটি দেখে মনে হচ্ছে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরাই এটি প্রণয়নে প্রভাব রেখেছে। এ ধরনের আইন দিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “এই জাতি বারবার প্রতারিত হয়েছে। আমরা আর প্রতারিত হতে চাই না। গুম ও মানবাধিকার সংক্রান্ত আইন এমন হতে হবে, যাতে প্রকৃত অর্থে গুমের বিচার নিশ্চিত করা সম্ভব হয়।”