বিয়ে করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:২৭ পিএম
উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ দীপ্তি চৌধুরী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।
দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি জানান, এদিন তাদের আকদ অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই ধুমধাম আয়োজনের মাধ্যমে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে এবং সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।