বিরোধী এমপিদের এলাকার উন্নয়ন তদারকিতে নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় সরকার দলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন উত্থাপন করেন।
মীর আহমাদ বিন কাসেম বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার দলীয় নারী এমপিদের বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় উন্নয়ন কার্যক্রম তদারকি এবং জিও লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে বিরোধী দলের এমপিদের মনে হচ্ছে, তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কার্যত কোনো ভূমিকা থাকবে না।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দল থেকে নির্বাচিত নারী সংসদ সদস্যদের জন্য সংবিধান বা আইনে নির্দিষ্ট কোনো নির্বাচনি এলাকা নির্ধারিত নেই। সে কারণেই রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের জন্য বিভিন্ন এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেখানে তারা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেক সংসদ সদস্যের নিজ নির্বাচনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখার পূর্ণ অধিকার রয়েছে। একইভাবে সংসদে নির্বাচিত নারী সদস্যদেরও দায়িত্ব পালনের সুযোগ থাকা স্বাভাবিক বিষয়।
প্রধানমন্ত্রী জানান, এই চিন্তা থেকেই সরকার বিদ্যমান নিয়ম অনুসরণ করে নারী সংসদ সদস্যদের জন্য দায়িত্ব বণ্টন করেছে।
এ সময় তিনি বিরোধী দলের সংসদ সদস্যদের আশ্বস্ত করে বলেন, কোনো এলাকার উন্নয়নে তার সহযোগিতার প্রয়োজন হলে তারা জানাতে পারেন এবং তিনি সরাসরি সহায়তার চেষ্টা করবেন।
উল্লেখ্য, জিও লেটার বা সরকারি অর্ডার লেটার হলো কোনো জনপ্রতিনিধির পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে দেওয়া সুপারিশ বা অনুমোদনপত্র। সাধারণত উন্নয়ন প্রকল্প, সড়ক সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিংবা বিভিন্ন সরকারি সুবিধা বরাদ্দের ক্ষেত্রে এ ধরনের চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।