সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দীর্ঘদিন ধরে থাকা শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনসেবার মান আরও উন্নত করতে এসব পদে নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক পদ খালি রয়েছে। এসব পদ পূরণ করা হলে সরকারি কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ সহজে প্রয়োজনীয় সেবা পাবে। তাই যত দ্রুত সম্ভব শূন্য পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
এদিন বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। নির্ধারিত প্রশ্নগুলোর পাশাপাশি বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নেরও উত্তর দেন তিনি।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস অনুপস্থিত থাকায় তার প্রশ্নটি উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব। এর জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে বর্তমানে ২ হাজার ৮৭৯ জনকে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব অঞ্চলের সমান উন্নয়নে বিশ্বাস করে। তিনি জানান, ঈদের আগে বিভিন্ন উন্নয়ন সহায়তা বণ্টনের ক্ষেত্রে বিরোধী দলের কোনো সংসদ সদস্য বঞ্চিত হয়ে থাকলে তা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারদলীয় সংসদ সদস্যদের মতোই বিরোধী দলের প্রতিনিধিদের এলাকার উন্নয়নেও সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে এবং সব এলাকার উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হবে।