চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:১৪ পিএম
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় লিউ হাইশিং বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়টি তুলে ধরেন। তিনি দুই রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন।
লিউ হাইশিং বলেন, গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের প্রতি চীনের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
জবাবে লিউ হাইশিং বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের জনগণ আরও উন্নত জীবনযাত্রার সুযোগ পাবে বলে তিনি বিশ্বাস করেন।
এর আগে একই স্থানে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের পক্ষে লিউ হাইশিং স্মারকে স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষ রাজনৈতিক যোগাযোগ, গণমাধ্যম, গবেষণা কার্যক্রম এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে। এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।