ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে চায় ইরান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:০৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর আগ্রহ প্রকাশ করেছে ইরান। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী।

সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ-ইরান সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, সংসদীয় সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্পিকার দুই দেশের সংসদের মধ্যে সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পৃথক সংসদীয় টিম গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইরানকে একটি বীর জাতি হিসেবে উল্লেখ করে সাম্প্রতিক সংকটকালে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

জবাবে ইরানের রাষ্ট্রদূত বলেন, ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণের যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ হবে। তিনি বাংলাদেশে ইরানের বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রত্যাশাও ব্যক্ত করেন।

এ সময় চিকিৎসা খাতে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশিদের দেশটির বিশ্বমানের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও খাদ্যপণ্য বাংলাদেশে রপ্তানির প্রস্তাব দেন। অন্যদিকে বাংলাদেশের তৈরি পোশাক আমদানির ক্ষেত্রেও ইরানের আগ্রহের কথা উল্লেখ করেন তিনি।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয় সংসদে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হওয়ায় স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়ন এবং সংসদীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

আলোচনার শেষে উভয় পক্ষ বাংলাদেশ-ইরান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970