দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: স্থানীয় সরকারমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়টি সম্পূর্ণভাবে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারণ করা হবে।

সোমবার (২৭ জুলাই) রংপুর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী দল বলে আখ্যায়িত করেন, তাদের হয় গণতন্ত্র সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই, নয়তো তারা পূর্বধারণা থেকে এমন মন্তব্য করছেন। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বলেও তিনি দাবি করেন।

জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্র সম্পর্কে আরও ভালোভাবে অধ্যয়ন করার প্রয়োজন রয়েছে। এরপর পরিস্থিতি অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি জামায়াতে ইসলামী নিজেকে গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করে কি না, সেটিও তাদেরই নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ চার মাস অতিরিক্ত হয়েছে। এ সময়ের মধ্যে কৃষির উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফসহ কৃষকদের জন্য বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভাগীয় কার্যালারের উদ্বোধনের পর তিনি রংপুর পল্লী মেলাও পরিদর্শন করেন।

পরে রংপুর শিল্পকলা একাডেমির হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিটি পরিবারের নারীদের জন্য আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। ইতোমধ্যে সারা দেশে এ কার্যক্রম শুরু হয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ ৪১ লাখ পরিবারের হাতে এসব কার্ড পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, কৃষক কার্ডের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের প্রহরী এবং গির্জার পাদরিদেরও ভাতার আওতায় আনা হয়েছে, যারা আগে কোনো ধরনের নিয়মিত ভাতা পেতেন না।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আগের সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। সে কারণেই বর্তমান সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। উন্নয়নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ এগিয়ে এলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970