এবার বাংলাদেশ সফরে আসছেন মার্কিন নৌ কমান্ডার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:২১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তিনি ২২ সদস্যের একটি নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সোমবার (৩ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরের পরপরই অ্যাডমিরাল স্টিফেন কোহলারের এই সফরকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের প্রেক্ষাপটে এই উচ্চপর্যায়ের সফর বিশেষ তাৎপর্য বহন করছে। সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশের সামরিক ও প্রশাসনের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে।

জানা গেছে, বৈঠকগুলোতে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক সীমানা সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।

দীর্ঘ সামরিক কর্মজীবনে অ্যাডমিরাল স্টিফেন কোহলার ইউএসএস কার্ল ভিনসনের নির্বাহী কর্মকর্তা এবং ফাইটার স্কোয়াড্রন-১৪৩, ইউএসএস বাতান ও বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ারের কমান্ডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মধ্যপ্রাচ্যে পরিচালিত অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম এবং ইনহেরেন্ট রিজলভসহ একাধিক সামরিক অভিযানে অংশ নেন।

এর পাশাপাশি হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর জরুরি ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেওয়া এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক নৌ অভিযানে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।

মার্কিন থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি বিভাগের পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970