জুলাই জাদুঘর হবে নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার বাতিঘর: ড. ইউনূস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু ইতিহাস সংরক্ষণের একটি স্থান নয়, এটি নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। তিনি বলেন, জাতি কখনও পথভ্রষ্ট হলে এই জাদুঘর থেকেই নতুন করে সঠিক পথের দিশা খুঁজে পাবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূসের ভাষ্য, দেশের চিন্তা ও কর্মে কোনো বিচ্যুতি দেখা দিলে এই জাদুঘরের স্মৃতি ও ইতিহাস মানুষকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার শক্তি জোগাবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের জাদুঘর থাকলেও এই জাদুঘরের বৈশিষ্ট্য একেবারেই আলাদা। কারণ, গণঅভ্যুত্থানের ঘটনাগুলো ঘটার পরপরই সংশ্লিষ্ট দলিল, স্মারক, নিদর্শন এবং মানুষের অনুভূতি সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাস সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক তরুণ নিজেদের অনুভূতি, স্বপ্ন এবং রাজপথে নামার কারণ লিখে গেছেন। পরিবারের বাধা উপেক্ষা করে আন্দোলনে অংশ নেওয়ার পেছনের গল্পও তারা তুলে ধরেছেন। এসব লেখা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও দেশ গঠনের কাজে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি দেশের শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং সাধারণ মানুষের প্রতি অন্তত একবার এই জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে তারা যেন নিজেদের স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনাও লিখে রেখে যান, যাতে সেগুলোও ভবিষ্যতের ইতিহাসের অংশ হয়ে ওঠে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আগামী দিনে এই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি সংস্কৃতি, শিল্প, সংগীত, চিত্রকলা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে।

তিনি আরও জানান, জাদুঘরে নির্মিত প্রতীকী কবরগুলোর সঙ্গে প্রতিটি শহীদের পরিচয় ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে আগামী প্রজন্ম দেশের জন্য শহীদদের অবদান এবং আত্মত্যাগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970