রবিবার বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের খোঁজখবর নিতে আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে তিনি দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলা পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, বাঁশখালীর ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের মধ্যে পুনর্বাসন সামগ্রী ও ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
পরে সড়কপথে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা) পরিদর্শন করবেন। সেখানে হেফাজতের সাবেক আমির মরহুম শাহ আহমদ শফির কবর জিয়ারত শেষে জেলা পরিষদ বাংলোতে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।
এরপর হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্বে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে রেডিসন ব্লুতে সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার পর তাঁর চট্টগ্রাম ত্যাগের কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুরের রহমান শামীম জানান, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফর করবেন। এ সময় তিনি বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন, পুনর্বাসন সামগ্রী বিতরণ এবং ফটিকছড়ি ও হাটহাজারী সফর করবেন। পরে দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় সাম্প্রতিক বন্যার পানি নেমে গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ, নলকূপ, ল্যাট্রিন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে মোট এক হাজার ৪৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ছোট ছনুয়া-ছনুয়া বাজার সড়ক বর্তমানে কাদা, গর্ত ও ভাঙনের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই সড়কও পরিদর্শন করবেন বলে জানা গেছে।