হাটহাজারীতে আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবরে ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী।

কবর জিয়ারত শেষে মাদ্রাসার অধ্যক্ষ প্রধানমন্ত্রীকে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে উপস্থিত আলেমদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। পরে মাদ্রাসা থেকে বিদায়ের সময় মাঠে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

আল্লামা শাহ আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মারা যান। তিনি দেশের কওমি অঙ্গনের অন্যতম শীর্ষ আলেম ও মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন। প্রায় সাড়ে তিন দশক তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলাম, কওমি শিক্ষা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ইস্যুতে তার ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত ছিল।

আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী সড়কপথে হাটহাজারী থেকে ফটিকছড়িতে যান। সেখানে আল-জামায়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970