শনিবার নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

দেশে স্নায়ুরোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করা হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনটির উদ্বোধন করবেন।

হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অধিকাংশ চিকিৎসা সরঞ্জাম স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। নতুন ভবনটি চালু হলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের সবচেয়ে বড় বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে।

১৫ তলা বিশিষ্ট নতুন ভবনটির নিচের ৩ তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সেবা বিভাগ রয়েছে। ওপরের ১২ তলায় ওয়ার্ড, অস্ত্রোপচার কক্ষ ও রোগ নির্ণয় ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। ভবনটিতে রয়েছে ৪০টি নিবিড় পরিচর্যা শয্যা, ২৪টি অস্ত্রোপচার-পরবর্তী শয্যা এবং ১১২টি কেবিন।

হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে আসেন স্ট্রোকের রোগীরা। এরপর রয়েছে সড়ক ও অন্যান্য দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগী। পাশাপাশি পারকিনসন, স্মৃতিভ্রংশ, গিলিয়ান-বারে সিনড্রোম, মৃগী, হাইড্রোসেফালাসসহ বিভিন্ন স্নায়ুরোগে আক্রান্ত রোগীরাও এখানে চিকিৎসা নেন। শিশু থেকে শুরু করে বয়স্ক—সব বয়সী রোগীর স্নায়ুরোগের চিকিৎসা দেওয়া হয় হাসপাতালে।

নবনির্মিত নিনস ইউনিট-২ ভবনটি ৩টি বেজমেন্টসহ মোট ১৫ তলা এবং পুরো ভবনটি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় থাকবে। সংশ্লিষ্টদের দাবি, সরকারি চিকিৎসাকেন্দ্রে এ ধরনের ব্যবস্থা প্রথমবারের মতো যুক্ত হয়েছে।

দুর্ঘটনায় আহত রোগীদের জন্য ভবনটিতে ১০০ শয্যার বিশেষায়িত ট্রমা ইউনিট রয়েছে। সেখানে ২৪ ঘণ্টা অস্ত্রোপচার সুবিধা থাকবে। ৪টি অস্ত্রোপচার কক্ষের মধ্যে ২টি মডুলার অস্ত্রোপচার কক্ষ। জার্মান প্রযুক্তিনির্ভর এসব অত্যাধুনিক কক্ষে অস্ত্রোপচার করা হলে রোগীদের সংক্রমণের ঝুঁকি কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাথায় ও শরীরে গুরুতর আঘাত পাওয়া রোগীদের এক তলা থেকে অন্য তলায় স্থানান্তরের ঝুঁকি কমাতে ১ থেকে ৩ তলা পর্যন্ত চলন্ত সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি হাসপাতালে এ ধরনের ব্যবস্থা এটিও প্রথমবারের মতো সংযোজন।

নতুন ভবনে রয়েছে ৪০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র, ২০ শয্যার উচ্চনির্ভরতা ইউনিট এবং ৬২টি কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র। এছাড়া একটি হৃদ্‌যন্ত্রের রক্তনালি পরীক্ষার ল্যাব, ২টি চৌম্বক অনুরণন ইমেজিং যন্ত্র ও ২টি কম্পিউটারাইজড টমোগ্রাফি যন্ত্র স্থাপন করা হয়েছে। রয়েছে অত্যাধুনিক বাষ্পচাপ জীবাণুমুক্তকরণ যন্ত্র, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য কঠিন বর্জ্য অপসারণ ব্যবস্থা এবং পৃথক অক্সিজেন প্ল্যান্ট।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটির উদ্বোধন করবেন। ভবনটি চালু হলে হাসপাতালে আরও ৫০০ শয্যা যুক্ত হবে।

তিনি বলেন, বর্তমানে শয্যাসংকটের কারণে অনেক রোগীকে ফিরিয়ে দিতে হয়। কারণ নির্ধারিত শয্যার বাইরে রোগী ভর্তি করা হয় না। নতুন ভবন চালু হলে আরও বেশি রোগীকে বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে এবং শয্যার অভাবে রোগী ফেরত দেওয়ার ঘটনা কমবে।

হাসপাতাল পরিচালক আরও বলেন, দেশে স্নায়ুরোগীদের চিকিৎসাসেবা বাড়ানোর লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর জন্মদিনে তাঁর ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটির উদ্বোধন করবেন। বিষয়টি হাসপাতালের সংশ্লিষ্টদের জন্য গর্বের বলে উল্লেখ করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970