পা অবশ হওয়ায় হাঁটাচলায় খুব কষ্ট হচ্ছে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম
শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিক চলাফেরায় বেশ সমস্যায় পড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পা অবশ হয়ে যাওয়াসহ নানা শারীরিক জটিলতায় হাঁটাচলায় কষ্ট হলেও নিকট ভবিষ্যতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বর্তমানে হাঁটাচলা করতে তার খুব কষ্ট হচ্ছে। পা অবশ হয়ে যাওয়ায় তিনি সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন। এ অবস্থায় আপাতত দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়ার কোনো চিন্তাভাবনা নেই।
নিজেকে বেশ অসুস্থ দাবি করে সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। বড় কোনো শারীরিক সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় অবস্থান করেই নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা নিচ্ছেন। তবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে যেতে হয়। বঙ্গভবন ছাড়ার পর এখন পর্যন্ত তিনি একবার সেখানে গিয়ে চিকিৎসা নিয়েছেন।
বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত পুরোপুরি তার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে। চিকিৎসকেরা প্রয়োজন মনে করে বিদেশে যাওয়ার পরামর্শ দিলে পরবর্তী সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অন্যদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।