রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ সংসদ সদস্য

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০৮ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও বিভিন্ন কারণে ৬ জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

নির্বাচন কমিশন গঠিত প্যানেলের সার্বিক তত্ত্বাবধানে সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যালট পেপারে স্বাক্ষর করে ভোট দেন।

নির্ধারিত সময় শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সদস্য ভোট দিয়েছেন। ভোট দেওয়া থেকে বিরত থাকা ৬ সংসদ সদস্য হলেন বিএনপির মির্জা আব্বাস (ঢাকা-৮), ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-৩), স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), খেলাফত মজলিশের মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫) এবং জামায়াতে ইসলামীর গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)।

সংসদীয় সূত্র জানায়, প্রবীণ রাজনৈতিক নেতা মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তিনি ভোটগ্রহণে উপস্থিত হতে পারেননি।

অন্যদিকে, সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে গাজী নজরুল ইসলামকে তার দল বহিষ্কার করেছিল। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তার অনুপস্থিতির নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ অনুপস্থিত অন্য সদস্যদের ভোট না দেওয়ার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ শেষ মুহূর্তে অধিবেশনে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970