মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:৩৭ পিএম
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান।
দ্রৌপদী মুর্মু বলেন, জনজীবনে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা ও রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
ভারতের রাষ্ট্রপতি আরও বলেন, আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ ও উষ্ণ বন্ধুত্বের ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অনন্য সম্পর্ক গড়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তি, প্রযুক্তি, যোগাযোগ, যুব কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন তিনি।
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব সফলভাবে পালন করবেন এবং দেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ভারতের রাষ্ট্রপতি।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।