নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:৫৯ পিএম
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় রামচন্দ্র পৌডেল বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
অভিনন্দন বার্তায় নেপালের রাষ্ট্রপতি বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রামচন্দ্র পৌডেল বলেন, ঐতিহাসিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের বন্ধনে আবদ্ধ নেপাল ও বাংলাদেশ ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।