বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:২৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সুনামগঞ্জসহ এ অঞ্চলের মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা বেশি। তবে শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাদক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি সেখানে দক্ষ শিক্ষক ও পর্যাপ্ত শিক্ষার্থী নিশ্চিত করতে হবে। এ কাজে জনপ্রতিনিধি ও সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিদেশগামী কর্মীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরীয় ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রশিক্ষণ শেষে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।
ভূমধ্যসাগরে নিহত অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামি ও এর সঙ্গে জড়িত চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে এ নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধ পথে সাগরপথে বিদেশযাত্রা বন্ধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেন মন্ত্রী। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
সভায় আরিফুল হক চৌধুরী বলেন, সাগরে যারা মারা গেছেন, তারা কোথা থেকে এবং কীভাবে বিদেশে যাচ্ছিলেন, এর সঙ্গে কারা জড়িত—এসব তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে। বিদেশে অবস্থানরত ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করে মন্ত্রণালয়কে জানাতে হবে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা বক্তব্য দেন।
এর আগে মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সেখানে জেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন।