পানি আগ্রাসন থেকে দেশবাসীকে রক্ষায় সজাগ থাকবে সরকার: পানিসম্পদমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম
পানি আগ্রাসনের শিকার না হতে সরকার ও দেশের মানুষ সজাগ থাকবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একইসঙ্গে প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আরও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশ তাদের প্রতিবেশী ও বন্ধু দেশ। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ইতিবাচকভাবে বজায় রাখতে ভারতের ভূমিকা রাখা প্রয়োজন। এ বিষয়ে ভারত সর্বোচ্চ সজাগ থাকবে এবং বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, কোনো ধরনের আগ্রাসনের শিকার যেন দেশের মানুষ না হন, সে বিষয়ে সরকার আরও বেশি সতর্ক থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকেও এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে দুর্নীতি ও দুঃশাসনের একটি ধারা চলেছে। জনগণ তাদের নির্বাচিত করেছে এবং তারা দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছেন। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিনি বৃহত্তর নোয়াখালীর সন্তান। এ কারণে মুহুরি নদী প্রকল্পসহ দেশের সব উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করা, দুর্নীতি প্রতিরোধ করা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করা তার দায়িত্ব।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো প্রভাবশালীর প্রভাব, দুর্নীতি কিংবা প্রকল্পের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হবে।
মন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বরের যেকোনো সময় অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে প্রকল্পের কাজের উদ্বোধন করবেন। এ সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গেও কথা বলবেন।
মুহুরি নদীর প্রকল্পের কাজ ২০৩০ সালের মধ্যে শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন পানিসম্পদমন্ত্রী।