বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:২০ পিএম
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানো হবে।
এর মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। কর্মীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর এই উদ্যোগকে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।