দুই মাসের সফরে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:১৬ এএম
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য প্রায় দুই মাসের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও তাকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য ৩১ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার দিবাগত রাতে তার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান।
এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে খলিলুর রহমানকে এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত করেন। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
উল্লেখ্য, ৪০ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
এদিকে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের সময় বিভিন্ন সময়ে দেশের বাইরে অবস্থান করবেন। এ সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রীদ্বয়ের ওপর অর্পিত দায়িত্বের বাইরে অন্যান্য সব দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।