আজ দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৪ বাংলাদেশি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ বাংলাদেশি আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশে ফিরছেন।
সোমবার (৩১ আগস্ট) লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিকভাবে দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস।
এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক সকাল ৭টায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করে এবং দেশে ফেরত যাওয়া অভিবাসীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
প্রত্যাবাসিত এসব বাংলাদেশি ভূমধ্যসাগরে উদ্ধারের পর দীর্ঘদিন তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
দূতাবাস জানিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিতভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার চেষ্টা অনেক ক্ষেত্রে অভিবাসীদের মৃত্যু, নিখোঁজ, জিম্মি বা আটকের কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে অনেককে দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দিজীবন কাটাতে হয়।
এ অবস্থায় দালাল ও মানবপাচারকারীদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে অনিয়মিত পথে বিদেশ যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস আরও জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের শনাক্তকরণ, কনস্যুলার সহায়তা প্রদান এবং দেশে ফেরানোর ব্যবস্থা করতে ধারাবাহিকভাবে কাজ চলছে। এ জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।
একই সঙ্গে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে থাকা অন্যান্য বাংলাদেশিকেও দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।