ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে হেলিকপ্টারে রওনা হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবন থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে যাত্রা করেন।
রাষ্ট্রপতির দুদিনের সফর ঘিরে ঠাকুরগাঁওজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সফর উপলক্ষে জেলা প্রশাসন ও নাগরিক কমিটি ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে। পাশাপাশি রাষ্ট্রপতির নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।
ঠাকুরগাঁও নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মোহাম্মদ খায়রুল কবির জানান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঠাকুরগাঁও সার্কিট হাউসে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে নিজ বাসভবনে অবস্থান করবেন।
সফরের প্রথম দিন বিকেলে রাষ্ট্রপতি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন সকালে ঠাকুরগাঁওয়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন।
রাষ্ট্রপতিকে গণসংবর্ধনা দিতে ঠাকুরগাঁও নাগরিক কমিটি জেলা স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এসএসএফসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। ফেস্টুন-ব্যানারসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে ঠাকুরগাঁও শহর।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিন জানান, সফরের দ্বিতীয় দিন দুপুরে জামালপুর ইউনিয়নের মহেশখালীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এ সময় জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
জেলা প্রশাসক রফিকুল হক জানান, রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।