জিয়া মেমোরিয়াল অরফানেস ট্রাস্ট চালুর দাবি জামায়াত এমপির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম
বাগেরহাটে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় বন্ধ থাকা জিয়া মেমোরিয়াল অরফানেস ট্রাস্ট পুনরায় চালুর দাবি জানিয়েছেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
সোমবার জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধি অনুসারে সংসদে এ দাবি উত্থাপন করেন তিনি।
সংসদে বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বাগেরহাটের জিয়া মেমোরিয়াল অরফানেস ট্রাস্ট দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একসময় প্রতিষ্ঠানটিতে দর্জি বিজ্ঞান, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে এলাকার হতদরিদ্র ও বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো।
তিনি বলেন, ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি পুরোপুরি বন্ধ রয়েছে। বর্তমানে এর ভবনগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রতিষ্ঠানটি নতুন করে চালু করা হলে স্থানীয় বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি পুনরায় চালুর দাবি তোলায় স্থানীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাগেরহাটের স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, ১০ থেকে ১৮ বছর বয়সী এতিম ও দুস্থদের লালন পালন করে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৪ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস এম মোস্তাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে ৩ দশমিক ৯০ একর জমির ওপর জিয়া মেমোরিয়াল অরফানেস ট্রাস্ট নির্মাণ করেন।