বাঁধনের সঙ্গে যা হয়েছে, তা অমার্জনীয় ও নিন্দনীয়: সংসদে ডেপুটি স্পিকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বাঁধনের সঙ্গে যা হয়েছে, তা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে একটি নোটিশের ওপর আলোচনার ফাঁকে এ মন্তব্য করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, বাঁধনের ওপর হামলার ঘটনা নির্মমতার চরম বহিঃপ্রকাশ। এ ঘটনায় সংসদেও প্রতিবাদ জানানো হয়।

এর আগে ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হন অভিনেত্রী বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তাঁর ছোট সন্তানের সঙ্গে অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিতে দেখা যায়। এ সময় তারা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে বাঁধনের ওপর হামলার বিষয়টি সরকারের নজরেও এসেছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ভেনিসে বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। সেই সময় তাঁর ভূমিকার কারণে ভেনিসে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970