ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা বন্ধ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক বিষয়বস্তু প্রতিরোধ সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন আইনের মাধ্যমে সংবাদমাধ্যমকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। বর্তমান সরকার গণমাধ্যমের ওপর আইনের অপব্যবহারের বিষয়ে সতর্ক রয়েছে। নতুন খসড়া আইনে এমন কোনো দ্ব্যর্থবোধক শব্দ রাখা হবে না, যার মাধ্যমে ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, বাকস্বাধীনতার নামে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন গালিগালাজ, সাইবার হয়রানি ও কুরুচিপূর্ণ বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে সামাজিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে সামাজিক অবক্ষয় রোধ, অন্যদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এই দুই বিষয় কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।

আইনের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, শুধু কঠোর আইন করে সব ধরনের অপরাধ দমন করা সম্ভব নয়। যাচাই না করে কোনো মানহানিকর তথ্য বা পোস্ট ছড়িয়ে দেওয়াও যে আইনের আওতায় অপরাধ হতে পারে, সে বিষয়ে জনগণকে সচেতন করতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে।

এর আগে সকালে পরামর্শ সভার সূচনা বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের আগে তথ্য প্রকাশ, স্বাধীন সাংবাদিকতা ও মতামত প্রকাশের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের সঙ্গে সরাসরি সংলাপ ও মতামত নেওয়া জরুরি। এ কারণেই গণমাধ্যমসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

তিনি বলেন, একটি আইনের ভাষা মাঠপর্যায়ে কীভাবে কার্যকর হয় এবং কোথায় অস্পষ্টতা তৈরি হতে পারে, তা গণমাধ্যমসংশ্লিষ্টরাই সবচেয়ে ভালো জানেন। গণতান্ত্রিক রাষ্ট্রে সাইবার সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা পরস্পরবিরোধী নয়; বরং দুটি বিষয়ই একে অপরের পরিপূরক হওয়া উচিত।

গণমাধ্যম সম্পাদকদের আশ্বস্ত করে তথ্যমন্ত্রী বলেন, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে সরকার আইনটি সংশোধন করছে না। মুদ্রিত সংবাদমাধ্যমের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আইনের কোথাও অস্পষ্টতা বা জটিলতা থাকলে সংশ্লিষ্টদের মুক্তভাবে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি। সেসব পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান মন্ত্রী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970