ফেব্রুয়ারি পর্যন্ত সারের সংকট নেই, মজুত করলে ব্যবস্থা: মাহদী আমিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সারের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সারের জোগানে কোনো সংকট নেই। তবে কেউ অবৈধভাবে সার মজুত করলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে পর্যাপ্ত সার রয়েছে। তাই সারের জোগান নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। কেউ অবৈধভাবে সার মজুত করলে সরকার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সব সমস্যার সমাধান হবে সংসদের মাধ্যমে। অন্য কোনো জায়গায় নয়।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের লংমার্চ কর্মসূচি দ্বিচারিতার শামিল। তাদের উত্থাপিত দাবিগুলো সরকারেরও অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
বিরোধী দলের প্রতি আলোচনায় আসার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে এগিয়ে আসুন। সরকারকে পরামর্শ দিন।
তিনি আরও বলেন, প্রথাগত পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার কাঠামো ভেঙে জবাবদিহিতা ও স্বচ্ছতার যে পথ বেছে নেওয়া হয়েছে, তা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।