অপরাধ দমনে গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

ছবি: সংগৃহীত

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলে গেছে। বর্তমানে অনেক অপরাধ প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল রূপ নিয়েছে। তাই অপরাধ দমনে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অপরাধকে শুধু বাহ্যিক উপসর্গ হিসেবে দেখলে হবে না। এর পেছনে থাকা মূল কারণগুলো খুঁজে বের করতে হবে। বিভিন্ন ধরনের অপরাধের পেছনে মাদক ও জুয়াকে অন্যতম চালিকাশক্তি হিসেবে দেখা যায়।

ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে আহত বা ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহায়তার বিষয়টি করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল অথবা অন্য কোনো মাধ্যমে বিবেচনা করা হবে। পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সনদ দেওয়ার বিষয়টিও আইনগতভাবে পর্যালোচনা করা হবে।

অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আইনি সংস্কারের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো আইন আধুনিকায়ন করা হচ্ছে। ১৮৬৭ সালের জুয়া আইন পরিবর্তন করে অনলাইন জুয়া, ম্যাচ পাতানো ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ প্রণয়ন করা হয়েছে। একইভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০২৬ প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং প্রধানমন্ত্রীর সহকারী রাজনৈতিক মো. রাশেদ খাঁন বক্তব্য দেন।

পরে কেক কেটে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970