ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি, বদলি পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান করা হয়েছে।
খুলনা রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, স্পেশাল ব্রাঞ্চের বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে।
সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকেও পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রেজাউল করিম।
এ ছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।