মাঝ আকাশে বিমানে দুই বাঙালি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
লন্ডন থেকে বাংলাদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেই তর্ক হাতাহাতিতে রূপ নেয়। পরে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় একজন যাত্রীর টি শার্ট ছিঁড়ে যেতে দেখা যায়।
বিমানের ভেতরে আকস্মিক এই ঘটনায় অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে এসে দুই ব্যক্তিকে আলাদা করার চেষ্টা করেন।
তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, তিনি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।